২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহবাগে’ উদ্দীপ্ত চবি শিক্ষার্থীরাও

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে সংহতি প্রকাশ করে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা এখন থেকে প্রতিদিন সেখানে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত জানান।

কর্মসূচিতে অংশ নেয়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিল্টন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

“রোববার থেকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে গণসঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

পাশাপাশি আলোকচিত্র, যুদ্ধাপরাধীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনও হবে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি শুরুর পরদিন চট্টগ্রাম নগরীতেও একই ধরনের কর্মসূচি শুরু হয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই চট্টগ্রাম প্রেসক্লাবে আন্দোলনে নিয়মিত যোগ দিয়ে আসছেন।

মিল্টন বলেন, “কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের দূরত্ব বেশি হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও ক্যাম্পাসের অনেক আবাসিক শিক্ষার্থী আন্দোলনে যোগ দিতে পারছেন না। তাই ক্যাম্পাসে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।”