গোপালগঞ্জে পরিবহন মালিকদের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০
গাড়ির চাঁদা আদায় নিয়ে গোপালগঞ্জে পরিবহন মালিকদের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শহরের পুলিশ লাইন্স মোড়ে রোববার সকালে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করতে হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি নওশেরুজ্জামান শেখ নসুসহ তিন জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন গ্রুপের লোকজন বাস প্রতি ২০ টাকার স্থলে ১৬০ থেকে ১৮০ টাকা আদায় করছে অভিযোগে সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি ইলিয়াস হোসেনের লোকজন বাধা দেয়।
এ নিয়ে সকাল ১০টায় দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
এএসপি মনিরুল ইসলাম আরো বলেন, চাঁদা আদায়ের ঘটনার তদন্ত হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য রোববার সন্ধ্যায় বাস মালিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক হবে।
এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
আহতদের মধ্যে আরো রয়েছেন বাস শ্রমিক কেরামত আলী (৪৫), মো. মানু শেখ (৪০), সিরাজুল হক সিরাজ (৫৫) ও মিলায়েত শেখ (৫০)।
রাজা বাদশা বাসের মালিক রবিউল কাজী বলেন, মালিক সমিতি ২০ টাকার স্থলে ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ হয়।
সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. ইলিয়াস হোসেন বলেন, “জেলা বাস মালিক সমিতিকে চাঁদা আদায়ে বাধা দেয়ায় এ ঘটনা ঘটেছে। অমরা এ জেলায় চাঁদা আদায় করতে দেব না।”
জেলা বাস মালিক সমিতি সভাপতি আবুল হোসেন বলেন, “মালিক সমিতিতে বিশৃংখলা সৃষ্টি করতেই সড়ক মালিক গ্রুপ অতর্কিতে হামলা করেছে। আমরা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছি।”
