এনামুল ৮ দিনের রিমান্ডে, ডিএনএ পরীক্ষাও হবে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়ির পাহারাদার হুমায়ুন কবির ওরফে এনামুলকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে র্যাব।
একইসঙ্গে তার ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে নমুনা পাঠানোর আবেদনও মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাফর উল্লাহ রোববার সকালে এনামুলকে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন আদালতে জমা দেন।
এ বিষয়ে শুনানির পর মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বিকালে আট দিনের রিমান্ড ও ডিএনএ নমুনা পরীক্ষার আবেদন মঞ্জুর করেন। এ সময় এনামুলের জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।
আসামির পক্ষে আদালতে শুনানি করেন হুমায়ুন আলম রুবেল।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। অবশ্য সংবাদ মাধ্যমে এনামুলের গ্রেপ্তারের খবর আলোচনায় ছিল গত কয়েকদিন ধরেই।
গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
ঘটনার আট মাস পর গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে। ওই আটজনের মধ্যে শুধু এনামুলই পলাতক ছিলেন। বাকি সাতজন গ্রেপ্তার ছিলেন।
এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সাগর-রুনি খুন হওয়ার পরদিন এনামুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশের কাছ থেকে এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব নেয়ার পর থেকে এনামুলকে খোঁজা হচ্ছিল বলে র্যাব জানিয়ে আসছে।
এ মামলায় গ্রেপ্তার অন্য সাতজন হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেদিন সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। তারা হলেন- ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ এবং ‘পেশাদার ডাকাত’ রফিক, বকুল, মিন্টু ও সাঈদ।
গত বছরের এপ্রিলে তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএন নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায় র্যাব। তার মধ্যে নয়জনের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলেও কারো সঙ্গেই আলামতের মিল পাওয়া যায়নি বলে র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন।
