২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাকাণ্ডে প্রহরী এনামুল গ্রেপ্তার

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের এক বছর পর তাদের বাড়ির পাহারাদার হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

লিটন হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 02:52 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এনামুলকে এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করে গত বছরের ১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন।

গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে এনামুলের গ্রেপ্তারের খবর আলোচিত ছিল।

তবে এই হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান শুক্রবারও গ্রেপ্তারের বিষয়টি নাকচ করে বলছিলেন, পাহারাদার এনামুলকে খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।

শনিবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এনামুলকে ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এনামুল ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন বলে র‌্যাব জানায়।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহ মো. মাঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাদা পোশাকে র‌্যাবের একদল সদস্য স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বসা মাথা মোড়ানো এক যুবককে ধরে নিয়ে যায়।

“আমি জানতে চাইলে এক র‌্যাব সদস্য বলেন, এ একজন বড় সন্ত্রাসী। পরে জানতে পারি, এই ব্যক্তি এনামুল।”

এনামুলকে ঢাকায় আনা হচ্ছে। তাকে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে র‌্যাব।

সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হওয়ার পর এনামুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়।

পুলিশের কাছ থেকে এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব নেয়ার পর থেকে এনামুলকে খোঁজা হচ্ছিল বলে র‌্যাব জানিয়ে আসছে।

এক বছর পার হতে চললেও সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা এখনো করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

ঘটনার আট মাস পর গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে।

ওই আটজনের মধ্যে শুধু এনামুলই পলাতক ছিলেন। বাকি সাতজন গ্রেপ্তার ছিলেন।

গ্রেপ্তার সাতজন হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেদিন সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। তারা হলেন- ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ এবং ‘পেশাদার ডাকাত’  রফিক, বকুল, মিন্টু ও সাঈদ।

পূর্ব রাজাবাজারে সাগর-রুনি যে ভবনে থাকতেন, এনামুলের সঙ্গে ওই বাড়ি পাহারা দিতেন গ্রেপ্তার রুদ্র ওরফে পলাশ।

গত বছরের ১১ ফেব্রুয়ারি খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে ধরার জন্য পুলিশকে নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি।

মামলার তদন্ত প্রথমে গোয়েন্দা পুলিশের হাতে থাকলেও তারা ব্যর্থতা স্বীকার করার পর এই তদন্তের দায়িত্বে আসে র‌্যাব। বর্তমানে তারাই তদন্ত চালাচ্ছে। 

সন্দেহভাজন ডজনের বেশি ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষার জন্য র‌্যাব যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।