রুনির ভাই হতাশ
এক বছরেই হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন সাংবাদিক মেহেরুন রুনির ভাই গোলাম নওশের রোমান।
বোন ও ভগ্নিপতি সাংবাদিক সাগর সরওয়ার হত্যাকাণ্ডের পর যে মামলাটি হয়, তার বাদী নওশের।
হত্যাকাণ্ডের এক বছর পেরোনোর একদিন আগে শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অর্জন ‘শূন্য’।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বে থাকা র্যাব এই পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে, যার একজন গ্রেপ্তার হয়েছেন শনিবার ভোররাতে।
গ্রেপ্তার আটজনকে হত্যাকাণ্ডে ‘জড়িত’ না বলে র্যাব প্রধান মোখলেছুর রহমান বলেছেন, সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে।
আগে গ্রেপ্তার সাতজনসহ এক ডজনের বেশি ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হলেও কারো সঙ্গেই ঘটনাস্থলে পাওয়া নমুনার মিল পাওয়া যায়নি বলে জানান তিনি।
শনিবার হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
পূর্ব রাজাবাজারের যে বাসায় সাগর-রুনি থাকতেন এবং খুন হন, সেই বাড়ির পাহারাদার এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ছিল সরকারের।
এনামুলকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানত চাইলে রুনির ভাই নওশের বলেন, “গ্রেপ্তার হওয়ার কথা শুনেছি। দেখি কী হয়। প্রতিক্রিয়া দেওয়ার মত সময় হয়নি।”
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পর প্রথম ডিবি তদন্ত করছিল। পরে র্যাব তদন্তের দায়িত্বে আসে।
র্যাব দায়িত্ব নেয়ার পরই সাতজনকে গ্রেপ্তারের কথা গত অক্টোবর মাসে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
এই গ্রেপ্তারকে অগ্রগতি হিসেবে দেখছেন কি না- জানতে চাইলে নওশের বলেন, “পজিটিভলি দেখার কোনো কারণ নেই। এগুলো ‘অ্যাচিভমেন্ট’ নয়।
“এই হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্জন শূন্য।”
গ্রেপ্তার অন্য সাতজন হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।
