২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ভাংচুর-আগুন, আটক ৬৬

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর হরতালের সকালে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ-ভাংচুর-হামলা ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে পিকেটারদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

এসব ঘটনায় আটক করা হয়েছে ৬৬ জনকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলায় রায়ের জন্য মঙ্গলবার দিন রাখার কয়েক ঘণ্টার মধ্যে সোমবার দুপুরে হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এই হরতালের কারণে সকাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলছে স্বাভাবিকভাবে। জেলা শহরগুলোতে রিকশা ও অটোরিকশাও চলতে দেখা গেছে।

স্কুল-কলেজ বন্ধ থাকলেও দুপুর থেকেই খুলতে শুরু করেছে দোকানপাট। সরকারি- বেসরকারি অফিস খোলা রয়েছে।

বিস্তারিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবরে।

গাজীপুর: গাজীপুর-ঢাকা সড়কের নলজানি এলাকায় একটি মিনিবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছে।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে অতর্কিত হামলা চালিয়ে মিনিবাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির কর্মীরা।

পরে স্থানীয়রা ও পুলিশ মিলে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সোজায়েত হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করার সময় পুলিশ হরতাল সমর্থনকারীদের সরিয়ে দেয়।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গাজীপুর সদর উপজেলা থেকে ছয়জন এবং টঙ্গী ও কালিয়াকৈর থেকে দুই জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার: সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গণস্বাস্থ্যের সামনে ভাই-বোন পরিবহনের একটি বাসে জামায়াত-শিবির কর্মীরা আগুন দিলে তা সম্পূর্ণ পুড়ে যায় বলে জানান আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডের সামনে ঝটিকা মিছিল থেকে হরতালকারীরা ৫/৬টি গাড়ি ভাংচুর করে।

পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা চলে যায়। সাভারের বিভিন্ন পয়েন্ট জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

ফরিদপুর: কাদের মোল্লার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুরে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।

বগুড়া: বগুড়ার সাবগ্রাম এলাকায় পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবির কর্মীরা ককটেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা পাঁচ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে। পুলিশ এখান থেকে ৫ শিবির কর্মীকে আটক করে বলে জানান জেলা সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মকবুল হোসেন।

বৃহস্পতিবার এ এলাকাতেই হরতাল চলাকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছিল।

এছাড়া সকাল সাড়ে ১০টায় শহরের জামিলনগর এলাকায় শিবিরকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ প্রায় ১৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন।

তিনি জানান, এছাড়া শহরের গোদার পাড়া এলাকায় জামায়াত শিবিরের অবস্থান থেকে পুলিশ ৩ বস্তা লাঠি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া: সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর এলাকায় জামাত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুই জামায়াতকর্মীকে আটক করে পুলিশ।

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে পিকেটিংকালে ৯ জামায়াতকর্মীকে আটক করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দাতিয়ারায় টিভি ভবনের সামনে টায়ারে জ্বালিয়ে দেয় জামায়াতের কর্মীরা।

সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল বের করে।

চাঁদপুর: হরতালের সমর্থনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

হরতাল চলাকালে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে বলে জানান পুলিশ সুপার মো. আমির জাফর।

তিনি জানান, জেলায় এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সকাল ৯টার দিকে একদল জামায়াত-শিবির কর্মী ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে পুলিশের দিকে এগিয়ে যায় এবং কাছাকাছি পৌঁছে ‘নারায়ে তকবির’ বলে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে জানান আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান।

এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে তারা পালিয়ে যায় বলেও জানান টিপু সুলতান।

ঝিনাইদহ: সোমবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জামায়াত-শিবির কর্মীকে আটক করে বলে জানান মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন ও ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

নোয়াখালী: কোম্পানীগঞ্জে বসুরহাট মডেল স্কুলের সামনে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। পরে স্কুলের সামনে একটি ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়া হলে দমকল বাহিনী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান।

এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করে বলে জানান পুলিশ সুপার হারুনুর রশীদ হাযারী।

একাত্তরে খুন, ধর্ষণ লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই ধরনের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামীসহ শীর্ষ সাত নেতা ও বিএনপির দুই জনের বিচার চলছে ট্রাইব্যুনালে।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।

এ কারণে সরকারের শরিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে জামায়াতে ইসলামীর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি এসেছে। এ দাবিতে হরতালও করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল।

আর ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে দুই দফা হরতাল করে জামায়াতে ইসলামী। সর্বশেষ ৩১ জানুয়ারির হরতালে তাদের প্রধান শরিক বিএনপিও সমর্থন দেয়।