সেশনজট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সেশনজট কমানোসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন।
রোববার সকালে বোর্ডবাজারে বিশ্ববিদ্যালয় চত্বরে কয়েকশ’ শিক্ষার্থী এ মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
ঢাকার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি), বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আহসানউল্লাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
আইএসটি’র ষষ্ঠ বর্ষের ছাত্র আব্দুর রহিম বাঁধন সাংবাদিকদের বলেন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কোর্সটি চার বছর মেয়াদী এবং আটটি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি সেমিস্টারের মেয়াদ ছয় মাস। কিন্ত কোনো সেমিস্টার ছয় মাসের মধ্যে শেষ হয় না।
২০০৮-২০০৯ সেশনের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হতে সময় লেগেছে ১৩ মাস। ২০০৯-২০১০ সেশনে ১০ মাসের নিচে কোনো পরীক্ষা হয়নি। এছাড়া ২০০৯-২০১০ সেশনে প্রথম সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট এখনো প্রকাশ হয়নি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো.বদরুজ্জামান বলেন, সেশনজটে পড়া পরীক্ষাগুলো বিশেষভাবে সময় দিয়ে নেয়া হবে এবং যেসব ফলাফল আটকে আছে তা দ্রুত প্রকাশের ব্যাপারে নির্দেশ দিয়েছেন উপাচার্য।
উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেছেন বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ব্যবহারিক পরীক্ষাসহ সকল পরীক্ষা পাঁচ মাসের মধ্যে শেষ করতে হবে, বিগত বছরের পরীক্ষার রেজাল্ট আগামী এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে এবং আগামীতে যে কোনো পরীক্ষা হবার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে, কোনো পরীক্ষায় সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিভাগের লিংক রাখতে হবে।
