২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন আতঙ্কে হুড়োহুড়িতে সিঁড়ি ভেঙে আহত শতাধিক

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে সিড়ির রেলিং ভেঙে শতাধিক শ্রমিক আহত হয়েছ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 06:00 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শনিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার এনভয় গ্রুপের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে, যদিও অগ্নিকাণ্ড ঘটেনি।

আহতদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা সড়কে অবস্থান নেয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।

শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় ঢোকার কিছু সময় পরই ফায়ার এলার্ম বেজে উঠে।

আগুন লেগেছে এই আতঙ্কে কারখানার প্রায় ছয় হাজার শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে দ্বিতীয় তলার সিড়ি ভেঙে শতাধিক শ্রমিক আহত হন বলে তিনি জানান।

আলী আহম্মেদ বলেন, “কারখানাটির ছয় তলায় কেউ একজন ভুল করে ফায়ার এলার্মের সুইচে চাপ দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দখা দেয়।”

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের হাসপাতালে ৫৬ জন শ্রমিককে ভর্তি রয়েছে।

আরো অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনার পর কারখানাতে আর কাজ হয়নি।