‘উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন’
আবারো নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়ন অব্যাহত রাখার সুযোগ দেয়ার জন্য সিরাজগঞ্জের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সিরাজগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্রসহ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর উল্লাপাড়ায় এক পথসভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জে কর্মসূচি শেষে দুপুরে পাবনায় রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর বিকালে এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
উল্লাপাড়ার খান সোনতলা সেতু উদ্বোধন শেষে পাশের একটি মাঠে সমাবেশে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতাগ্রহণের পর দেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
দেশ যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়ে মহাজোট সরকার কাজ করছে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “নৌকায় ভোট দেওয়ার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। আপনারা আবারো নৌকায় ভোট দিন। আমরা আগামী ২০২১ সালের মধ্যে আপনাদেরকে সুন্দর স্বনির্ভর সোনার বাংলা উপহার দেব।”
৪৪ কোটি টাকা ব্যয়ে ৩৪৭.২৯৫ মিটার দীর্ঘ খান সোনতলা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সেখানে সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম-সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ছিলেন।
স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, শফিকুল ইসলাম শফি ও তানভীর শাকিল জয়সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও ছিলেন সমাবেশে।
সকাল ১০টার দিকে সিরাজগঞ্জে পৌঁছেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী হেলিকপ্টারটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বরে হেলিপ্যাডে অবতরণ করে।
সাড়ে ১০টার দিকে সয়দাবাদে প্রায় ৮শ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেন শেখ হাসিনা।
একই স্থানে আপগ্রেডেশন অফ সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট -২ এবং ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিস্থাপনও করেন তিনি।
বর্তমান সরকারের আমলে সিরাজগঞ্জে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে ২০১০ সালের ৯ এপ্রিল তিনি এই জেলায় এসেছিলেন।
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর থেকে তালগাছি পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়ক তোরণ এবং রঙিন ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়।
সিরাজগঞ্জে কর্মসূচি পালনের পর হেলিকপ্টারে করে পাবনায় রওনা দেন প্রধানমন্ত্রী।
সেখানে ১’শ কোটি টাকা ব্যয়ে ৫‘শ শয্যার পাবনা মেডিক্যাল কলেজ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, রেল লাইন, ৫৪২ কোটি টাকা ব্যয়ে বেড়ায় ৭০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেড়া পাওয়ার প্লান্ট, ৮ কোটি টাকা ব্যয়ে বেড়া পৌরসভার নবনির্মিত ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
এরপর বিকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।
প্রায় ১৫ বছর পর পাবনায় যাচ্ছেন শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
