রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন
আগুনে পুড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি স্পিনিং মিলের বিপুল পরিমাণ সুতা, তুলা ও যন্ত্রপাতি।
শনিবার ভোর সাড়ে ৫টায় তারাব এলাকায় আবদুল্লাহ স্পিনিং মিলের দুই নম্বর ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
“আগুন লাগার সময় ২ নম্বর ইউনিটে প্রায় ২শ শ্রমিক কাজ করছিল। তবে তারা বেরিয়ে আসতে পেরেছে।”
ওসি জানান, ডেমরা ফায়ার স্টেশনের তিনটি গাড়ি সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ওসি বলেন, এতে বিপুল পরিমাণ সুতা, তুলা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
আব্দুল্লাহ স্পিনিং মিলের মালিকের নাম মোজাম্মেল হক বলে জানান পুলিশ কর্মকর্তা মাঈনুর।
