নিবন্ধনে আবেদন আরো ১০ দলের
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বাড়ানো সময়ে আরো ১০টি রাজনৈতিক দল আবেদন করেছে।
বৃহস্পতিবার দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে আবেদনের সময় শেষ হল।
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ও নিবন্ধন বাছাই কমিটির সদস্য সচিব মেছবাহ উদ্দিন আহমদ জানান, এ পর্যন্ত ৪১টি দল আবেদন করেছে।
বাড়ানো সময়ে যারা আবেদন করেছে, তারা হচ্ছে- বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী (মোস্তাক), বাংলাদেশের বামফ্রন্ট, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেলিনবাদী), বাংলাদেশ গ্লোরিয়াস পার্টি, বাংলাদেশ মাইনরিটি পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)।
সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধন বাধ্যতামূলক।
নবম সংসদের আগে ৩৯টি দলকে নিবন্ধন দেওয়া হয়। পরবর্তীতে দলীয় গঠনতন্ত্র সংশোধন না করায় একটির নিবন্ধন বাতিল হয়।
