নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন
নারায়ণগঞ্জে সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।
নিহতের নাম মো. সবুজ (২৮)। এসময় আহত হন তার সহকর্মী আজিজুল হক নিরব (২৮)।
নিরবকে শহরের খানপুরে অবস্থিত দুইশ’ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকায় এই হত্যাকা- ঘটে।
হতাহতরা ফতুল্লার পঞ্চবটির ধর্মগঞ্জ এলাকার ‘রোশওয়া নিটওয়্যার’ পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পোশাক করখানায় কাজ শেষে সাইকেলযোগে সবুজ ও নিরব জালকুড়ি যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকায় ময়লার স্তুপের সামনে ৩/৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে।
এসময় বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
সহকর্মী নীরব সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যেতে পারলেও ছিনতাইকারীরা সবুজকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
ছিনতাইকারীরা নীরবের সাইকেল এবং সবুজের সঙ্গে থাকা মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়।
ওসি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবুজ ফতুল্লার সেহাচর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তার বাবার নাম জানা যায়নি।
গত ২৪ জানুয়ারি একই স্থান থেকে নিখোঁজের ৩ দিন পর হারাধন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কয়েক মাস আগে এখানেই খুন হন আরেক গার্মেন্ট শ্রমিক।
