২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন দাখিল পেছালো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পলাতক আসামি হারিছ চৌধুরীর গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন  বৃহস্পতিবার দাখিল করার কথা থাকলেও তা করা হয়নি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:44 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে গ্রেপ্তার করা গেল কিনা এ সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ তারিখ রেখেছে আদালত।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞা সাংবাদিকদের বলেন, সংসদ অধিবেশন চলায় খালেদা জিয়া আদালতে হাজির হবেন না।

এ মামলার অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম এদিন আদালতে উপস্থিত ছিলেন।

ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে জনৈকা সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। তবে জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে, যা কাগজপত্রে উল্লেখ করা হয়। এই অর্থের বৈধ কোনও উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

২০১১ সালের ৮ অগাস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।

এ মামলায় খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।