ফরিদপুরের চম্পা হত্যার প্রধান আসামি রিমান্ডে
ফরিদপুরের স্কুলছাত্রী জাকিয়া আক্তার চম্পা হত্যা মামলার প্রধান আসামি শামীম মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর এক নম্বর আমলি আদালতে শামীম মন্ডলকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে সাতদিন মঞ্জুর করেন বিচারক আব্দুল্লাহ আল-মাসুদ।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতয়ালি থানার এসআই আবুল খায়ের শেখ জানান, চম্পা হত্যা জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে শামীমের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক সাতদিন মঞ্জুর করেন।
মঙ্গলবার রাতে গাজীপুর থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়
শামীম মন্ডল (২২) রাজবাড়ী জেলার মুলঘর ইউনিয়নের সাইবাড়িয়া গ্রামের হাকিম মন্ডলের ছেলে।
গত ১৪ ডিসেম্বর পুলিশ ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের একটি মেহগনি গাছ থেকে চম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওইদিনই শামীম মন্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৬/৭ জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন চম্পার ভাই।
