২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিভিন্নস্থানে ভাংচুর, আগুন

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বিভিন্ন জেলায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আট জন। ২৮ জনকে করা হয়েছে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 08:23 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

জামায়াতে ইসলামীর এই হরতালে সমর্থন রয়েছে বিএনপিরও।

বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর।

ময়মনসিংহ: সকালে শহরে  একটি ঝটিকা মিছিল বের করে ৮/১০টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে হরতাল সর্মথকরা।

কোতোয়ালি মডেল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, শিবিরকর্মীরা সকালে রেলীর মোড়ে ঝটিকা মিছিল বের করে অটোবাইক, টেম্পো ভাংচুর করে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

নাশকাতার অভিযোগে জামায়াতের জেলা কর্ম পরিষদের সদস্য এম এ হালিমসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর: দুপুর ১২টা পর্যন্ত জেলার কোথাও কোনো ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের খবর পাওয়া যায়নি। জেলার স্কুল-কলেজ অফিস আদালত, ব্যাংক- বীমা অফিস এবং দোকানপাট খোলা রয়েছে।

মহাসড়কে দূরপাল্লার যান চলাচল না করলেও মিনিবাস সিএনজি অটোরিকশা, লেগুনা, টেম্পো চলছে। ট্রেন চলাচলও স্বাভাবিক।

সকালে মিছিলের প্রস্তুতির সময় কালিয়াকৈর থেকে জামায়াত ও ছাত্রশিবিরের দুইকর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া বুধবার রাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে পাঁচ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানান জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান  রয়েছে।

নরসিংদী: একটি বাসে আগুন দেয়ার সময় শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবপুরে পুলিশ ফাঁড়ির সামনে পরিত্যক্ত বাসে আগুন দেয়ার সময় শিবির কর্মী নাইমকে (২৫) গ্রেপ্তার করা হয়।

শিবপুর থানার ওসি কে এম ফিরোজ আল জালাল জানান, দুর্ঘটনাকবলিত হাওড় বিলাশ নামের একটি বাস শিবপুর উপজেলার সৈয়দ নগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রাখা ছিল। সকাল সাড়ে ৯টার দিকে একদল শিবির কর্মী মোটর সাইকেলে করে এসে বাসটিতে আগুন দিয়ে পালানোর সময় নাইমকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ: নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, সকাল ৭টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় পিকেটিং করার সময় দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।

এরা হলেন, সাজ্জাদ হোসেন ( ২০) ও তানজুল হক (১৮)।

পুলিশ সুপার বেলালুর রহমান জানান, জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: পুলিশের সামনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়েল একটি ঝটিকা মিছিল বের করে  শিবিরের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয়। বিনোদপুরে গিয়ে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

শিবিরের মিছিল করার কথা স্বীকার করে মতিহার থানার ওসি এস এম আব্দুস সোবহান বলেন, আমরা যাওয়ার আগেই তারা পালিয়ে গিয়েছে। মূল ফটকের পুলিশের দায়িত্ব ক্যাম্পাসে নিরাপত্তা দেয়া এর বাহিরে নয়।

বাগেরহাট: জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে বাগেরহাট খুলনা সড়কে সংবাদপত্রের গাড়ি ভাঙচুরের অভিযোগে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে ছাত্র শিবিরের ১০/১২ জনের একদল পিকেটার বাগেরহাট-খুলনা সড়কের মেগনিতলায় সংবাদপত্রের একটি টেম্পো ভাংচুর করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলের পাশের একটি বাগানে অভিযান চালিয়ে দুই শিবিরকর্মীকে আটক করে।

তবে জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

এএসপি (সার্কেল) হেলাল উদ্দিন জানান, শহরের আলিয়া মাদ্রাসার সামনে কৃষি ব্যাংকের ডিজিএমের গাড়ি ভাংচুর ও এর চালককে মারধর করে শিবিরকর্মীরা। এ সময় তারা আরো একটি গাড়ি ভাংচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় পাঁচজন আহত হয়।

এছাড়াও হাজিরপাড়া, চন্দ্রগঞ্জ, মান্দারী, দালালবাজার, জকসিনবাজার, মিয়ার রাস্তারমাথা, ইটেলপুল ও বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীরা টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

নোয়াখালী: নোয়াখালীতে পিকেটিংয়ের সময় হরতাল বিরোধীদের সঙ্গে সংঘর্ষে দুই জন আহত হয়েছে।

এ সময় হরতাল সমর্থনকারীরা হাতবোমার বিস্ফোরণ ও তিনটি মোটর সাইকেলে আগুন দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বসুরহাট পৌরসভার করালিয়ায় সকাল ৮টার দিকে ছাত্রশিবির কর্মীরা সড়কে পিকেটিং করছে খবর পেয়ে  হরতাল বিরোধীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই শিবির কর্মী আহত হয়।

এক পর্যায়ে শিবিরকর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হরতাল বিরোধীদের ছত্রভঙ্গ করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ: সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদস্থল বন্দর মহাসড়কে শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্ত্তুজা জানান, বুধবার রাতে শহরের রেহাইচর মহল্লা থেকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।

জেলায় দূরপাল্লার কোন বাস চলাচল না করলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দিনাজপুর: দিনাজপুরে  ঢিলে-ঢালাভাবে হরতাল চলছে। কোথাও পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্বাভাবিক কাজকর্ম চলছে।

হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সেখানে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চাঁদপুর:  পুলিশি পাহারায় চাঁদপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ও শিবির।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ আটক হয়নি।

দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।

কক্সবাজার: হরতালের সমর্থনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলা চেষ্টার সময় নয় জনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি ভাংচুর ও পিকেটিংয়ের সময় কক্সবাজার শহর থেকে তিন জন, মহেশখালিতে দুই জন, উখিয়ায় তিন জন এবং টেকনাফে এক জনকে আটক করা হয়েছে। আটকরা শিবিরের কর্মী।

উখিয়া থানার ওসি (তদন্ত) নিলু বড়ুয়া জানান, পুলিশের উপর হামলার চেষ্টাকালে আবুল মঞ্জুর নামের শিবিরের এক কর্মীকে একটি এলজিসহ আটক করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আধা বেলা এবং দেশের অন্যান্য স্থানে সকাল সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করলেও জেলা জামায়াত ইসলামী কক্সবাজারে আধা বেলা পালনের সিদ্ধান্ত নেয়।

কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারে আগত পর্যটকের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে কক্সবাজারে আধা বেলা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নড়াইল: নড়াইলে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মানিক চন্দ্র সাহা জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে সন্দেহে সকালের শহরের ভিন্ন দুইটি স্থান থেকে এদের আটক করা হয়েছে।

রাজবাড়ী: হরতালের আগের রাতে রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রাবাস থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া পাংশা থেকে এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি  আব্দুর রাজ্জাক জানান, নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনার অভিযোগে বুধবার রাতে জামায়াত শিবিরের তিনকর্মীকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ: হরতালে পিকেটিংয়ের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সদর উপজেলার সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপিতে পিকেটাররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়া  সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে পিকেটাররা পুলিশের একটি পিকআপে ঢিল ছুড়লে ঘটনাস্থল থেকে এক জন এবং শহরের কালীবাড়ী থেকে আরেক জামায়াত কর্মীকে আটক করা হয়।

পুরনো খবর:

সিলেটে হরতালে ভাংচুর-বিস্ফোরণ
নারায়ণগঞ্জে কভার্ডভ্যানে আগুন, আটক ২
পুলিশের ‘পাহারায়’ শিবিরের মিছিল!