সৈয়দ আশরাফের মন্ত্রণালয়কে তিরস্কার সংসদীয় কমিটির
মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে চাহিদামতো তথ্য-উপাত্ত না পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি অসন্তোষ জানিয়েছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা ও সমন্বয়হীনতা নেই বলেও অভিযোগ করেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. রহমত আলী সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয়ের কাজেকর্মে সমন্বয় নেই, গতিশীলতা নেই। সেজন্য কমিটির পক্ষ থেকে তিরস্কার করা হয়েছে।”
বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের থাকার কথা থাকলেও তারা ছিলেন না।
বৈঠকে চট্টগ্রাম ও খুলনা ওয়াসার বর্তমান কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
খরা মৌসুমসহ বছরব্যাপী চট্টগ্রামবাসীর পানির চাহিদা মেটানোর লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা দীর্ঘ মেয়াদি ও স্বল্পমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে।
এর মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ ধীরগতির হওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে। এর কারণ তদন্ত করে কমিটিকে জানাতে বলা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম ও খুলনাবাসীর পানির সমস্যা নিরসনে বাকি প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, মো. আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফ আলী খান খসরু উপস্থিত ছিলেন।
