বিভিন্ন জেলায় জামায়াত-শিবিরের ১০৮ জন আটক
বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের উপর ও আওয়ামী লীগ অফিসে হামলা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জেলায় জামায়াত-শিবিরের ১০৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এরমধ্যে রয়েছেন সিলেটে ২০ জন, দিনাজপুরে ২৯ জন, গাজীপুর ও ফরিদপুরে ১৫ জন করে, টাঙ্গাইলে ১২ জন, পিরোজপুর, শরীয়তপুর ও রংপুরে ৩ জন করে, সিরাজগঞ্জ ও বরিশালে ২ জন করে, কুষ্টিয়া, গাইবান্ধা, লালমনিরহাট ও শেরপুরে একজন করে জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আটক নেতাকর্মীদের মুক্তি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও যুদ্ধাপরাদীদের বিচার কাজ বন্ধের দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দেয় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির।
কর্মসূচি চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশকে বহনকারী গাড়ি ভাংচুর করে ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
এসব ঘটনায় সারাদেশে পুলিশের দায়ের করা কয়েকটি মামলায় কয়েক হাজার জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়।
বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর: পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুদিনে তাদের আটক করা হয়। পুলিশকে মারপিট ও পুলিশের গাড়ি ভাংচুর ঘটনায় সোমবার ৫৮ জনের নামসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
আটকদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ফরিদপুর: পুলিশের কর্তব্য পালনে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে শিবিরের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক।
তিনি জানান, রাত ১টার দিকে শহরতলির বায়তুল আমান এলাকার জামায়াত নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন খোকন মিয়ার ছাত্রাবাস থেকে ১৪ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ ।
তাদেরকে বিকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
গাজীপুর: নশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে গাজীপুরে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরান হোসেন।
তিনি জানান, সদর উপজেলার ভূরুলিয়া, ইটাহাটা ও ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল: মঙ্গলবার রাতভর টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম (ডিএসবি) আটক করার কথা স্বীকার করে বলেন, জামাত-শিবিরের নাশকতা ঠেকাতেই তাদের আটক করা হয়।
শরীয়তপুর: জামায়াতে ইসলামীর ৩ সমর্থককে গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পালং থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. ফরিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর: রংপুরে জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা।
বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর খটখটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ: মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জেলা জামায়াদের সেক্রেটারি মাওলানা শাহিনুর আলম এবং সিরাজগঞ্জ ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সেক্রেটারি আবু তালেবকে আটক করা হয়েছে।
সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বরিশাল: নগরী থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান।
তিনি জানান, গত শুক্রবার পুলিশের উপর শিবিরের হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুষ্টিয়া: মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আব্দুল গফুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুর ১২টায় মিরপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান।
তিনি জানান, গত বছরের ৫ নভেম্বর দায়ের করা একটি মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা: জামায়াত-শিবিরের হামলা ও ভাংচুরে ইন্ধন দেয়ার অভিযোগে দিগন্ত টেলিভিশন এর গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে শহরের স্টেশন রোডের দাস বেকারী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, তাকে বেলা ১১ টার দিকে গ্রেপ্তার করা হয়।
রোকনুজ্জামান গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিমের মেয়ে জামাই।
শেরপুর: জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আবু বকর সিদ্দিককে পুলিশ সদরের কামারের চর থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি তদন্ত মাযহারুল করিম বরেন, তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
পিরোজপুর: সদর থেকে তিন আটক শিবিরকর্মী হলেন ইস্রাফিল, মিজানুর রহমান ও মাসুম বিল্লাহ।
সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, নাশকতার আশঙ্কায়েএদের আটক করা হয়েছে। পরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
সিলেট: শাহপরাণ, কোতোয়ালি ও বিশ্বনাথ থেকে ২০ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শাহপরাণ থানরে ওসি লিয়াকত আলী বলেন, সকালে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের নয় শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহামান বলেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে সাত শিবিরকর্মীকে আটক করা হয়।
বিশ্বনাথ থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, বিশ্বনাথের নতুন বাজার এলাকা থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্রশিবির সমর্থকরা।
এ ঘটনায় জড়িত অভিযোগে মোমিনুর রহমান (৪২) নামে এক জামায়াত নেতাকেস গ্রেপ্তার করেছে পুলিশ।
পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।
