২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি সেবা: সুযোগ পাবে একাধিক বিদেশি অপারেটর

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তিসহ একাধিক বিদেশি অপারেটরকে বাংলাদেশে মোবাইল ফোন সেবা দেয়ার সুযোগ করে দিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

শামীম আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক (ভারপ্রাপ্ত) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

অবশ্য থ্রিজি মোবাইল প্রযুক্তি সেবার খসড়া নীতিমালায় তরঙ্গ নিলামে একটি বিদেশি অপারেটরকে লাইসেন্স দেয়ার কথা ছিল।

সচিব বলেন, “বাংলাদেশের সব মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে সম্মতি পাওয়া গেছে।”

একাধিক বিদেশি অপারেটরের সুযোগ সৃষ্টির কারণ জানতে চাইলে তিনি বলেন, “নিলামে তরঙ্গের কোন ব্লক যেন বাকি না থাকে এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসতেই এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।”

পাঁচটি মোবাইল অপারেটরকে ১০ মেগাহার্টজ করে মোট ৫০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের সিদ্ধান্ত নিয়ে খসড়া নীতিমালা করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরের তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার প্রস্তাবের কথা উল্লেখ ছিল।

Image
Teletalk handsets with 3G SIM in Feb

Teletalk handsets with 3G SIM in Feb

বাংলাদেশে মোট ছয়টি অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক ইতোমধ্যেই পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী, টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই প্রতিষ্ঠানটিকে লাইসেন্স নিতে হবে।

তবে চূড়ান্ত নীতিমালায় ১০ মেগাহার্টজের পরিবর্তে অপারেটরদের নিলামে ৫ মেগাহার্টজের ব্লক দেয়ার সিদ্ধান্ত হচ্ছে জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, এ ব্যাপারে কিছুদিনের মধ্যে বিটিআরসি মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠোবে। ৫ মেগাহার্টজ ব্লক দিলে মোট ১০টি ব্লক হবে এবং কম গ্রাহক সংখ্যার অপারেটরাও এ সুযোগ নিতে পারবে।

প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ইতোমধ্যে ২০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব রাখা হয়েছে জানিয়ে সচিব বলেন, “১০ মেগাহার্টজ বরাদ্দ নিলে ২০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে, কম গ্রাহক সংথ্যার অপারেটরা হয়ত ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে চাইবে না বা তাদের ব্যবসার জন্য সুবিধা হবে না। এসব অপারেটরদের সুবিধা করে দেয়ার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

খসড়া নীতিমালায় ১০ মেগাহার্টজ করে মোট ৪টি ব্লকে নিলাম হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোট ৮টি ব্লকে নিলাম হবে বলে জানান আবু বকর সিদ্দিক।

তিনি জানান, এক্ষেত্রে বড় মোবাইল ফোন অপারেটরগুলো দুটি করেও ব্লক নিতে পারবে। তবে নিলামের পর কোন ব্লক যদি বাকি থাকে পরে কোন অপারেটর সে ব্লক নিলামের দরে কিনে নিতে পারবে।

গত ২৮ মার্চ  থ্রিজি মোবাইল সার্ভিস লাইসেন্সের খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেয় বিটিআরসি। পাঁচটি অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়।

একই সঙ্গে তৃতীয় প্রজন্ম (থ্রিজি), চতুর্থ প্রজন্ম (ফোর-জি) এবং লং টার্ম ইভাল্যুশান (এলটিই) লাইসেন্সের সুযোগ রেখে থ্রিজি মোবাইল সার্ভিস লাইসেন্স খসড়া নীতিমালা তৈরি করে বিটিআরসি।

পুরনো খবর:

থ্রিজি তরঙ্গের দাম কমছে না