থ্রিজি তরঙ্গের দাম কমছে না
তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গের দাম কমানোর প্রস্তাবে সায় পায়নি মোবাইল ফোন অপারেটরগুলো।
মঙ্গলবার থ্রিজি লাইসেন্স নীতিমালা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়।
আড়াই ঘণ্টার ওই বৈঠকে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্তে বেশ কিছু মতামত এসেছে। নীতিমালার কিছু কিছু বিষয়ে অপারেটরদের সুপারিশে একমত পোষণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বৈঠকের পর টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক (ভারপ্রাপ্ত) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।
সচিব বলেন, “তাদের চূড়ান্ত মতামত নেয়া হয়েছে, সবার মতামত একত্র করে তা বিবেচনা করা হবে। আগামী সপ্তোহের মাঝামাঝি সময়ে এ নীতিমালা চূড়ান্তের পর মার্চ নাগাদ থ্রিজি তরঙ্গ নিলামের আয়োজন করা হবে।”
তরঙ্গের দাম কমানোর জন্য অপারেটরগুলোর প্রস্তাব দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, “সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে প্রতি মেগা হার্টজ তরঙ্গ মূল্য নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এর পরিমান ২০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করা হয়েছে, এ মূল্য আর কমানো সম্ভব নয় বলে অপারেটরদের জানিয়ে দেয়া হয়েছে।।”
তবে অপারেটররা এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলে জানান আবু বকর সিদ্দিক।
সচিব জানান, অপারেটররা থ্রিজির জন্য যে বিদেশি বিনিয়োগ করবে তার নিশ্চয়তা চেয়েছে এবং এ ব্যাপারে তাদের আশ্বস্ত করা হয়েছে।
থ্রিজি খসড়া নীতিমালায় লাইসেন্স এর সময় ১৫ বছরের জন্য প্রস্তাব করা হলেও এর সময় ২০ বছর করার সুপারিশ করেছে অপারেটররা। এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সচিব।
থ্রিজি খসড়া নীতিমালা বলা হয়েছে, নিলামের পর লাইসেন্স ও তরঙ্গ মূল্যের দাম এক মাসের মধ্যে ৬০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসে বাকি টাকা দিতে হবে।
সচিব বলেন, অপারেটররা টাকা জমা দেয়ার এ সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে, যেহেতু এটি একটি বড় অংকের টাকা হবে তাই এ বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে।
আবু বকর বলেন, “এ বিষয়টিকে সরাসরি না বললেও তাদের জানিয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতে কোন পরিবর্তন করা হলে তাদের সাথে আলোচনা করেই তা করা হবে।”
টেলিকম প্রযুক্তি নির্ভর শিল্প তাই লাইসেন্স নীতিমালা ভবিষ্যতে কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
থ্রিজি নীতিমালা চূড়ান্তে অপারেটররা আরো অনেক সুপারিশ করেছে জানিয়ে সচিব বলেন, ওয়াইফাই, মূল্যে সংযোজন সেবাসহ অন্যান্য অনেক খুঁটিনাটি বিষয়ে তারা সুপারিশ করেছে।
এসব সুপারিশ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে নীতিমালা চূড়ান্ত করা হবে।
গত ২৮ মার্চ থ্রিজি মোবাইল সার্ভিস লাইসেন্সের খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেয় বিটিআরসি। পাঁচটি অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়ে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়।
খসড়া নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।
৬ অপারেটরের মধ্যে রাস্ট্রয়াত্ত টেলিটকের পরীক্ষামুলক থ্রিজি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ অর্থ দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
