দুই ট্রাক শ্রমিক হত্যা: অবরোধ চলছে খুলনায়
মহাসড়কে দুই ট্রাক শ্রমিককে হত্যার প্রতিবাদে খুলনায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা।
বুধবার সকালে যশোরের বসুন্দিয়া এলাকায় ট্রাক থেকে চালক শহীদুল ইসলাম (৩২) ও সহকারী সোহনের (২৫) লাশ পাওয়া যায়।
এ হত্যার প্রতিবাদে বিকাল ৩টা থেকে খুলনা নগরীর শিরোমনি, রেলিগেট, জোড়াগেট, ফুলতলা ও জিরো পয়েন্টে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে পরিবহন শ্রমিকরা।
তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। এসব স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস।
তিনি বলেন, সড়ক অবরোধের কারণে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা যানবাহনের মধ্যে বসে দুর্ভোগে পড়েছে।
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বাবুল খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। নিহত শ্রমিকদের লাশ এখনো যশোর হাসপাতালে। লাশ আসতে আসতে গভীর রাত হয়ে যেতে পারে। এর আগে অবরোধ অপসারণ সম্ভব হবে বলে মনে হয় না।
মঙ্গলবার রাতে বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে খুলনায় আসছিলেন স্থানে চালক শহীদুল ও সহকারী সোহান। সকালে যশোরের বসুন্দিয়া এলাকায় ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে লোকজন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের ভেতর থেকে চালক ও সহকারীর লাশ উদ্ধার করে।
শহীদুল ও সোহান খুলনার দৌলতপুরের মানিকতলা এলাকার বাসিন্দা ছিলেন। তারা খুলনা বিভাগীয় ট্রাকশ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
