রাজশাহীতে হরতাল ডেকেছে জামায়াত
কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের তিন জেলায় বুধবার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।
বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলায় এ হরতাল হবে।
এদিকে রাজশাহী মহানগরীতে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান মঙ্গলবার সন্ধ্যায় আরএমপি অধ্যাদেশের ২৯ ও ৩০ ধারায় মহানগরী জুড়ে এই নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দবিতে বুধবার আধাবেলা ছাত্র শিবিরের হরতাল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডিসি অফিস ঘেরাও ও স্বারকলিপি প্রদান এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ এদিন মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর পরি প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আশু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।”
এ দুটি দাবির সঙ্গে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিও থাকছে বলে জানান শিবির সভাপতি।
সংগঠনের তিন জেলার নেতারা বৈঠকে বসে এ হরতালের ঘোষণা দেন।
বৈঠকে রাজশাহী মহানগর সভাপতি আনিসুর রহমান, নাটোরে জেলার সভাপতি আলী আল মাসুদ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সভাপতি শরিফ এনায়েতুল্লাহ উপস্থিত ছিলেন।
হরতাল ঘিরে নাশকতা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার মনিরুজ্জামান।
