পাঁচ জেলায় ৬৫ জামায়াত-শিবিরকর্মী আটক
কক্সবাজার, ঝিনাইদহ, নোয়াখালী, দিনাজপুর ও রাজবড়ীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশের ওপর হামলা ও ভাংচুরসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র, জেহাদি বই, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তি, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার দাবিতে সোমবার জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রশিবির সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।
কর্মসূচি চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা, গাড়ি ও স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
বিডিনিউজ প্রতিনিধিদের পাঠানো খবর-
কক্সবাজার: সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় একটি কার্তুজ, বিপুল পরিমাণ লোহার তৈরি বিশেষ লাঠি, মারবেল পাথর, হাতুরি, জিহাদি বই, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ উদ্দিন।
ঝিনাইদহ: সোমবার রাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৮ জন জামায়াত- শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।
শৈলকুপার তিন জন, কালীগঞ্জের পাঁচ জন, হরিণাকুণ্ডুতে তিন জন, কোটচাঁদপুরে দুই জন ও সদরে পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য।
নোয়াখালী: নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদরে চার জন, বেগমগঞ্জে তিন জন, সেনবাগে দুই জন, চাটখিলে দুই জন, সোনাইমুড়িতে এক জন, সেনবাগে দুই জন, সুবর্ণচর ও হাতিয়ায় এক জন করে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার (এসপি) হারুন উর রশিদ হাযারী।
তিনি জানান, আটক নেতাকর্মীদের মঙ্গলবার ৫৪ ধারাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
দিনাজপুর: পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুরের ঘটনায় শহরের বিভিন্ন স্তান থেকে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি: যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধের জন্যে নাশকতামূলক তৎপরতা, রাষ্ট্রবিরোধী প্রচারণাসহ পাঁচ শতাধিক বিভিন্ন জিহাদি বই ও গোপন নথিপত্র জব্দ করেছে খাগড়াছড়ি পুলিশ।
জেলা শহরের কলাবাগান এলাকায় জামায়াত-শিবিরের একটি গোপন কার্যালয় থেকে এসব বই ও নথি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার (এসপি) শেখ মিজানুর রহমান।
এসপি জানান, তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘরটি সিলগালা করে দেয়া হয়।
রাজবাড়ী: জেলার বিভিন্ন স্থান থেকে সোমবার রাতে পুলিশ পাঁচ জামায়ত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন পাংশা হাবাসপুরের নাসিম মন্ডল (৩০), গোয়ালন্দের দৌলতদিয়ার জাকির পাল (৩৫), বালিয়াকান্দির মো. হাসান (৩৫), রাজবাড়ী সদরের মিলন বিশ্বাস (২৫) ও কাদের বিশ্বাস (২৭)।
সদরের ওসি আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, নাশকতার আশ্কংকায় এদের গ্রেফপ্তার করা হয়।
