শিবিরের ৫৩ কর্মী রিমান্ডে
পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মতিঝিল ও পল্টন থানার তিন মামলায় ছাত্র শিবিরের ৫৩ কর্মীকে পনের দিন করে পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার পৃথক দুই মহানগর হাকিম সহিদুল ইসলাম এবং শাহরিয়ার মাহমুদ আদনান মঙ্গলবার এ আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তিন মামলায় একুশ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তিন মামলায় পাঁচ দিন করে পনের দিন পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দেন।
পল্টন থানার মামলার তদন্ত কর্মকর্তা হলেন জাহাঙ্গীর হোসেন এবং মতিঝিল থানার মামলার তদন্ত কর্মকর্তা হলেন কবির হোসেন।
সোমবার রাজধানীর মতিঝিল, পল্টন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিতভাবে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা করে।
এতে মতিঝিল থানার ওসিসহ পুলিশের অন্তত ২১ সদস্য গুরুতর আহত হন।
