আইনজীবীকে অপহরণ, মামলা ওসির বিরুদ্ধে
অপহরণ ও অবৈধভাবে থানা হাজতে আটকে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলামের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম আদালতের আইনজীবী মো. নুরুল আলম।
এতে নগরীর পাঁচলাইশ থানার ওসি প্রদীপ দাশ, পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।
তাদের বাইরে পুলিশের এক সোর্সসহ আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিচারক অভিযোগ আমলে নিয়ে তিন পুলিশ সদস্যকে সমন এবং অপর পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২৪ জানুয়ারি আইনজীবী নুরুল ইসলামকে লালদীঘির পাড় থেকে অপহরণ করে আন্দরকিল্লা এলাকায় পুলিশের হাতে তুলে দেয় মামলার অপর পাঁচ আসামি।
পুলিশ তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ২৫ জানুয়ারি (শুক্রবার) রাত পর্যন্ত থানা হাজতে আটকে রাখে।
ঘটনাটি শুনে আইনজীবী সমিতির সদস্যরা তাকে ছাড়িয়ে আনতে গেলে পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গেও অশোভন আচরণ করেন।
“এ প্রেক্ষিতে রোববার আইনজীবী সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হয়েছে,” বলেন অ্যাডভোকেট দেলোয়ার।
মামলার নথি থেকে জানা যায়, এস আই মাসুদ পারভেজ গত ২৪ জানুয়ারি এক আসামির রিমান্ড আবেদন করলে নুরুল আলম আসামি পক্ষের আইনজীবী হিসেবে তার বিরোধিতা করেন। এতে বাদী পক্ষের গুলজার, বেলাল, বশির, ইউসুফ ও সুজন ক্ষিপ্ত হয়।
তারা আরও কিছু লোক নিয়ে ওই দিন বিকালে লালদীঘি পাড় এলাকা থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং এস আই মাসুদ পারভেজের সঙ্গে যোগাযোগ করে আন্দরকিল্লা এলাকায় তার হাতে তুলে দেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, থানায় নিয়ে যাওয়ার পর তিনি বিষয়টি ওসি ও পরিদর্শককে (তদন্ত) জানালে তারা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন এবং থানা হাজতে আটকে রেখে ২৪ জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত নির্যাতন করেন। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করা হয়।
অভিযোগে ২১ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে, যাদের ১৪ জনই আইনজীবী।
