২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ২ মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেছেন এক ছাত্রলীগ কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী মো. কামাল হোসেন মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলা দুটি করেন।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলায় ছাত্রদলের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি বজলুল করিম আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবয়াদুল হক নাসির, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু, সহ সভাপতি সাদিউল কবির নিরব, যুগ্ম সাধারণ শাহ নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন ভূইয়া এবং শহীদুল্লাহ হলের রাসেল, বজলুর রহমান খোকনে ও করিম সরকারসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার সকালে মতিঝিলে জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে চার দফায় দশটি হাতবোমা ফাটানো হয়।

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর বেলা ১২টার দিকে নবনির্মিত সমাজবিজ্ঞান ভবনের আশপাশে পরপর চারটি এবং কলাভবনের পাশে দুটি হাতবোমা ফাটানো হয়।

তৃতীয় দফায় হাতবোমা বিস্ফোরণ ঘটে টিএসসিতে। সাড়ে ১২টার দিকে সেখানে দুটি ককটেল ফাটে।

এর কিছুক্ষণ পর মহসিন হলের সামনে আরো একটি ককটেল ফাটে।

এরপরও মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় অন্তত ২১টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

হাতবোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার শাহবাগ মোড় থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সানাউল্লাহ মোহাম্মদপুরের জামিয়াতুল আজিজ মাদ্রাসার শিক্ষার্থী।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

এছাড়া নীলক্ষেত থেকে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীরা।

এরা হলেন, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও মোসলেম উদ্দিন।

পুরনো খবর:

ঢাবি ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণ