সোনালী ব্যাংকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আরো একজনকে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বল্লী গ্রাম থেকে কাশেম বেগ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার গভীর রাতে কর্মকর্তাদের বেঁধে রেখে চাবি ছিনিয়ে নিয়ে ব্যাংকের ভল্ট থেকে চব্বিশ লাখেরও বেশি টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
ডাকাতিতে জড়িত সন্দেহে সোমবার সকালে গাগলাজুর গ্রাম থেকে রিপুল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। রিপুলের বিরুদ্ধে অন্তত ১৫টি ডাকাতির মামলা আছে।
খালিয়াজুরি থানার ওসি রমিজুল হক জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে সোনালী ব্যাংক লেপসিয়া শাখার ম্যানেজার নুরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওই মামলায় রিপুল মিয়া ও কাশেম বেগকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান খালিয়াজুরি সার্কেলের সহকারী পুলিশ সুপার এম এস অলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাংকের লুট হওয়া টাকা উদ্ধার ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
