নেত্রকোনায় সোনালী ব্যাংকে ডাকাতি
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে চব্বিশ লাখেরও বেশি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
লেপসিয়া এলাকায় রোববার গভীর রাতে এ ডাকাতিতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
খালিয়াজুরি থানার ওসি রমিজুল হক ব্যাংক কর্মকর্তাদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, রাত দেড়টার দিকে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত ব্যাংকের লোহার গেট ও দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে।
এ সময় ক্যাশিয়ার জাহিদ হোসেন ব্যাংকের ভেতরে ঘুমিয়েছলেন। ডাকাতরা ঢুকেই তাকে এবং নৈশ প্রহরী কিতাব আলীকে বেঁধে ফেলে।
ডাকাতরা লেপসিয়া বাজারের মসজিদ কোয়াটারের বাসা থেকে ব্যাংকের ম্যানেজার নুরুল ইসলামকেও ধরে এনে ব্যাংকে বেঁধে রাখে।
এরপর অস্ত্রের ভয় দেখিয়ে কর্মকর্তাদের কাছ থেকে ভল্টের চাবি নিয়ে ২৪ লাখ ২৭ হাজার টাকা লুটে নেয়।
ডাকাতি শেষে দুই রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ওসি রমিজুল হক আরো বলেন, ডাকাতিতে জড়িত সন্দেহে পুলিশ গাগলাজুর গ্রামের বাড়ি থেকে রিপুল নামের এক ব্যক্তিকে আটক করেছে।
রিপুলের বিরুদ্ধে অন্তত ১৫টি ডাকাতির মামলা আছে বলে জানিয়েছেন ওসি রমিজুল।
