চবি ছাত্র নিখোঁজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দিয়েছে তার পরিবার।
নিখোঁজ শিক্ষার্থী আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. শরীফ হোসেন। তার বাবা চান বাদশাহ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
সোমবার চান বাদশা হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বাসা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন ইসলাম কলোনিতে।
তিনি জানান, রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় ক্রিকেট খেলা দেখতে গিয়ে শরীফ আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
