খণ্ডকালীন চাকরি কাল হলো রনি দাসের
আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে খণ্ডকালীন চাকরি নিয়েছিলেন তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র রনি দাস। হয়তো পড়াশোনা শেষের আগে অভিজ্ঞতায় খানিকটা এগিয়ে রাখতে তার এই প্রচেষ্টা। কে জানতো এই খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা নিয়েই তাকে ছাড়তে হবে পৃথিবীর মায়া।
শনিবার দুপুরে বাণিজ্যমেলার পারটেক্স প্লাস্টিকের প্যাভিলিয়ন ভেঙে নিহত হয়েছেন এই ছাত্র।
প্যাভিলিয়নটির মূল কাঠামোর কিছু না হলেও ভেতরে দোতলার অংশটি ভেঙে পড়ে।
পারটেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রনি দাস (২৮) ওই প্যাভিলিয়নের হিসাব বিভাগের একজন খণ্ডকালীন কর্মচারী হিসেবে যোগ দিয়েছিলেন।
রনির বাড়ি গোপালগঞ্জ। রাজধানীর মোহাম্মদপুরে একটি মেসে থেকে তিনি লেখাপড়া করতেন।
এ ঘটনায় প্যাভিলিয়নের ব্যবস্থাপক নাজিম খানসহ আরো কয়েকজন আহত হয়েছেন।
নাজিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আড়াইটার দিকে তাদের প্যাভিলিয়নটি ভেঙে পড়ে।
প্যাভেলিয়নের নিরাপত্তাকর্মী আবদুস সবুর জানান, তিনি প্যাভিলিয়নের দোতলায় ছিলেন। বিকট শব্দ করে প্যাভিলিয়নটি ভেঙে পড়ে। এ সময় তিনি সামান্য আহত হন।
এই প্যাভিলিয়নের দোতালায় দশনার্থী বা ক্রেতার যাওয়ার কোন সুযোগ ছিল না। সেখানে শুধু মালামাল রাখা হত।
মেলায় কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক কামাল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় রনিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা ৬টার দিকে ফায়ার ব্রিগেডের কর্মীদের উদ্ধার কাজ শেষে প্যাভিলিয়নটি বন্ধ করে দেয়া হয়েছে।
এ ঘটনায় পারটেক্স গ্রুপের এক কর্মকতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাকে আটক বা গ্রেপ্তার কোনোটিই করা হয়নি বলে জানিয়েছেন শেরে বাংলানগর থানার ওসি মুহাম্মদ আব্দুল মমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে সোহরাওয়ার্দি হাসপাতালে বাকবিতণ্ডায় জাড়িয়ে পড়ায় তাকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসা হয়েছে।
ওই প্যাভিলিয়ন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ও প্রকৌশলীসহ পারটেক্স গ্রুপের সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে ঢাকায় ছুটে আসেন রনির বাবা রামকৃষ্ণ দাস। তিনি একটি বাসের সুপার ভাইজার। তিনি জানিয়েছেন দুই সন্তানের মধ্যে রনি ছিল একমাত্র ছেলে।
শেরে বাংলানগর থানার উপ-পরিদশক তানভীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় রামকৃষ্ণ বাদী হয়ে থানায় একটি মামলা করছেন। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
