২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়ুদার দিল ইনজেকশন, মৃত্যু হল শিশুর

কিশোরগঞ্জ সদর হাসপাতালে এক ঝাড়ুদার ইনজেকশন দেয়ার পর অসুস্থ এক শিশুর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার রাতে ইমা নামে নয় বছরের ওই শিশুর মৃত্যুর পর স্থানীয়দের বিক্ষোভের মুখে ঝাড়ুদার রাফিজা আক্তার নীলুফা এবং ওই সময়ে কর্তব্যরত নার্স আকলিমা খাতুন হ্যাপীকে বরখাস্ত করা হয়েছে।

Image
কিশোরগঞ্জ সদর হাসপাতাল।

কিশোরগঞ্জ সদর হাসপাতাল।

এই ঘটনায় ঝাড়ুদার ও নার্সের বিরুদ্ধে মামলা করেছেন ইমার ভাই হেলাল মিয়া।

মামলায় ইমার অস্ত্রোপচারকারী চিকিৎসক হাবীবুর রহমান মানিককেও আসামি করা হয়েছে বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

শহরের মুন্নাপাড়া এলাকার কাঠমিস্ত্রি জালাল মিয়ার মেয়ে ইমা তিন দিন আগে একটি অটোরিকশার ধাক্কায় আহত হয়।

শিশুটির স্বজনরা জানায়, দুর্ঘটনায় আহত ইমার সুচিকিৎসায় চিকিৎসকরা তাকে ঢাকা নেয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে তা করা যায়নি।

এরপর বৃহস্পতিবার রাতে হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক হাবীবুর রহমান মানিক শহরের একটি বেসরকারি হাসপাতালে ইমার ভাঙা ডান পায়ে অস্ত্রোপচার করেন। শুক্রবার সকালে তাকে আবার সদর হাসপাতালে নেয়া হয়।

হেলাল মামলায় অভিযোগ করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্ধ্যায় ইমাকে একটি ইনজেকশন দেয়ার কথা। তা নার্স হ্যাপীকে জানালে তিনি এজন্য ৫০ টাকা দাবি করেন। এরপর ঝাড়ুদার নীলুফা ওই ইনজেকশন দেন।

“ইনজেকশন দেয়ার পরপরই ইমার অবস্থার অবনতি হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।”

ইমার মৃত্যুর পর স্থানীয়রা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ করে দেয় তারা। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার আশ্বাসে চার ঘণ্টা পর জনতা রাস্তা ছাড়ে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ঝাড়ুদার নীলুফা এবং নার্স হ্যাপীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।