কুষ্টিয়ার শিক্ষক লু-লু উল বাহার মারা গেছেন
কুষ্টিয়ার শিক্ষক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা লু-লু উল বাহার শুক্রবার মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ব্রেন টিউমারসহ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর।
সর্বশেষ কুষ্টিয়া হাইস্কুল এন্ড কলেজে অধ্যক্ষ পদ থেকে অবসরে যান তিনি । শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বাধীন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
লু-লু উল বাহার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়ীয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদআসর রাজধানীর রূপনগর (আবাসিক) কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় নামাজে জানাজা শনিবার সকাল সাতটায় কুমারখালীর পান্টি ঈদগাহ ময়দানে ও তৃতীয় জানাজা কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে কুষ্টিয়ার পৌর গোরস্থানে দাফন করা হবে।
এদিকে লু-লু উল বাহারের মুত্যুতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় কমিটির সভাপতি লু-লু উল বাহারের মৃত্যুতে সংগঠন এক ত্যাগী নেতাকে হারালো।
সেলিম ভূইয়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
