২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার ছবির আশায় ছুটে আসা

ইংরেজি বিভাগের ছাত্র না হলেও এই বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক সম্মিলনে উপস্থিত হন বিজ্ঞান গবেষক এজেএম ওমর ফারুক। পুরনো বন্ধুদের টান না থাকলেও প্রয়াত বাবার একটি ছবি পাওয়ার সম্ভাবনায় সেখানে হাজির হয়েছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির বার্ষিক সম্মিলন হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। সেখানে উপস্থিত হয়ে বাবার সহপাঠীদের খুঁজে ফেরেন ওমর ফারুক।

মাত্র আট মাস বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। তাই বাবার কোনো অবয়বও মনে নেই।

“এ কারণে ছুটে এসেছি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের এই পুনর্মিলনীতে। বাবাও এই বিভাগে ভর্তি হয়েছিলেন। যদি কারো কাছে আমার বাবার একটি ছবি পাওযা যায়,” বলেন ওমর ফারুক।

তিনি জানান, তার বাবা মো. আব্দুল আউয়াল ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। তবে তার আগে তিনি ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন।

এই অনুষ্ঠানে চল্লিশের দশকের শিক্ষার্থীদের কেউ বেঁচে খাকলে তাকেও আসার আমন্ত্রণ জানানো হয়েছে- পত্রিকায় দেখে আর থাকতে পারেননি বলে জানান তিনি।

“ভেবেছি, বাবার সহপাঠীদের কাউকে যদি পেয়ে যাই। তার কাছে তো বাবার একটি ছবি থাকতেও পারে।”

ওমর ফারুক বলেন, বাবার মৃত্যুর পর তার কনভোকেশনের একটি গ্রুপ ছবি তাদের পরিবারের সংগ্রহে ছিল।

“কিন্তু ১৯৫৮ সালের প্রলয়ঙ্করী ঝড়ে আমাদের গ্রামের বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘর থেকে অনেক বইপত্র উড়ে যায়, যার সঙ্গে চিরদিনের জন্য হারিয়ে যায় আমার বাবার একমাত্র ছবিও।”

ওমর ফারুক জানান, তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ১৯৬৬ সালে প্রাণ রসায়ন বিভাগ থেকে এমএসসি পাস করেন তিনি।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক এই কর্মকর্তা বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান তার বড় ভাই, বাবার মৃত্যুর সময় যার বয়স ছিল তিন থেকে সাড়ে তিন বছর।

বাবার একটি ছবি পাওয়ার আশা ছাড়েননি ওমর ফারুক।

“কারো কাছে যদি আমার বাবার কোনো ছবি থাকে তাহলে তারা যেন দয়া করে তথ্যটি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটিকে দেন। তাহলে আমি যোগাযোগ করে ছবিটি সংগ্রহ করে নিতে পারবো,” বলেন তিনি।

পুরনো খবর:

ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির কমিটি ঘোষণা