ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মাশরুর চৌধুরী ও তৌফিক ইমরোজ খালিদী পুননির্বাচিত হয়েছেন।
শুক্রবার সোসাইটির বার্ষিক সম্মিলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নেই যাত্রা শুরু এ বিভাগের। তবে অ্যালামনাই সোসাইটি করা হয় ১৯৮৬তে এসে।
শুক্রবার ছিল সোসাইটির ২৭তম পুনর্মিলন উৎসব।
বিকেল ৪টার দিকে বিভাগের সাবেক দুই শিক্ষক অধ্যাপক খান সারোয়ার মুরশিদ ও ড. খন্দকার রেজাউর রহমানের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান।
এই দুই শিক্ষাবিদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন খান সারোয়ার মুরশিদের ছাত্র এবং রেজাউর রহমানের শিক্ষক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিভাগের বর্তমান চেয়ারপার্সন অধ্যাপক তাহমিনা আহমেদ। এ ছাড়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরীও বক্তব্য রাখেন।
ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
এ সময় তিনি বলেন, বর্তমান কমিটি কয়েকটি উচ্চাভিলাসী প্রকল্প হাতে নিয়েছে। আমরা সোসাইটির কাজকর্মকে ডিজিটালাইজ করার চেষ্টা করেছি। এর প্রথম পদক্ষেপ হিসেবে একটি ওয়েবসাইট করা হয়েছে।
“আমার সহকর্মীরা আশ্বস্ত করেছেন তারা এই ওয়েবসাইটটিতে ব্লগ লেখার ব্যবস্থা করবেন। এতে আপনারা আমাদের নির্বাহী কমিটির ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারবেন। আমাদের সবারই উচ্তি জবাবদিহিতা নিশ্চিত করা।”
তৌফিক ইমরোজ খালিদী জানান, ইংরেজি বিভাগ ও ভাষা ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা বাড়ানোর ক্ষেত্রে তারা চেষ্টা করে গেছেন। এরই মধ্যে দুই মেগাবাইট ব্যান্ডউইথ যোগ হয়েছে।
এসব কাজে সহযোগিতা দেয়ার জন্য কমিটির পক্ষ থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের জন্য একটি তহবিল গঠনের কথা তুলে ধরে তৌফিক ইমরোজ খালিদী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। এই দায়িত্ববোধ থেকেই আমরা যাদের আর্থিক সহায়তা প্রয়োজন তাদের জন্য দীর্ঘ মেয়াদে বৃত্তি দেয়ার ব্যবস্থা করছি। এ লক্ষ্যে একটি তহবিল গঠনের কাজও শুরু হয়েছে।”
অ্যালামনাই সোসাইটির নতুন কমিটি: সভাপতি নন্দনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর চৌধুরী, সহসভাপতি যোগাযোগ বিশেষজ্ঞ ওয়াজির সাত্তার, পরিকল্পনা কমিশনের সদস্য মাসুদ আহমেদ ও মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া।
সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, যুগ্ম সাধারণ সম্পাদক সিলভিয়া ইসলাম ও ইশতিয়াক মজিদ। কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ।
এছাড়া ১৭ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন- গীতিআরা সাফিয়া চৌধুরী, সাবেক সচিব রেজাউল কবির, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, দেওয়ান মোহাম্মদ শারিয়ার, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ, কাজি এনামুল হাসান, অধ্যাপক শাহনাজ সিনহা, আব্দুর রাজ্জাক মিয়া, মোস্তফা শিবলী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মাঈনুল কবির, সাবেরা আহমেদ, রূপায়ন রিয়েল এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যপস্থাপনা পরিচালক সাব্বির হোসেন খান, তৌফিক ইমাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাজ্জাদ হুসেইন, সাইফা হক ও আশরাফুল আলম।
