মনির ৯ দিনের রিমান্ডে
ইডেন কলেজ ছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদে নয় দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন।
পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মনিরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন জানায়।
গত ১৫ জানুয়ারি জরুরি আলোচনার কথা বলে চাঁনখারপুলের কাজি অফিসে নিয়ে গিয়ে আঁখিকে বিয়ে করার জন্য চাপ দেন মনির। তবে বিয়ে করতে রাজি না হওয়ায় সেদিন কাজির সামনেই গায়ে অ্যাসিড ছুরে মারেন মনির। এ সময় তিনি আঁখিকে ছুরিকাঘাতও করেন।
অ্যাসিডে আঁখির মুখ ও ডান হাত ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতের মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তিনি মিয়ানমার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
