২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফের বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিড’

‘দ্বিতীয়বার’ বিয়ে করতে রাজি না হওয়ায় ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর অ্যাসিড নিক্ষেপ করার কথা পুলিশের কাছে দাবি করেছে গ্রেপ্তার মনির উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার সকালে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের উপ-কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

অবশ্য মনিরের এ দাবি নাকচ করে দিয়েছে আঁখির পরিবার।

সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মনিরুল বলেন, “জিজ্ঞাসাবাদে মনির দাবি করেছে, ২/৩ বছর আগে আঁখি ও তার বিয়ে হয়। ছয় থেকে সাত মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ১৫ জানুয়ারি জরুরি আলোচনার কথা বলে আঁখিকে তিনি চাঁনখারপুলের কাজি অফিসে নিয়ে যান। সেখানে আবার বিয়ে করতে রাজি না হওয়ায় তার গায়ে অ্যাসিড ছুরে মারেন মনির।”

ওইদিন চাঁনখারপুল কাজী অফিসে ইডেন কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী শারমিন আক্তার আঁখিকে ছুরি মেরে ও অ্যাসিডে ঝলসে দিয়ে পালিয়ে যায় ২৭ বছর বয়সী মনির ও তার বন্ধু মাসুম।

অ্যাসিডে আঁখির মুখ ও ডান হাত ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতের মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ। গত সোমবার শারমিনের স্কিন গ্রাফট অপারেশন হয়।

বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

উপ-কমিশনার মনিরুল জানান, খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তিনি মিয়ানমার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

রংগুর স্ত্রীর সহযোগিতায় বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল স্থানীয় আনসারের সহযোগিতায় মনিরকে গ্রেপ্তার করে।

আঁখিকে অ্যাসিড ছুড়ে মারার সময় মনিরের শরীরের কিছু অংশেও অ্যাসিড লাগে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, মনিরের শরীরের কিছু অংশও অ্যাসিডে ঝলসে গেছে।

এদিকে মনির গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও পুলিশকে দেয়া তথ্য মানতে রাজি নয় আঁখির পরিবার।

দুই থেকে তিন বছর আগে আঁখির সঙ্গে বিয়ে হওয়ার যে দাবি মনির করেছে তা নাকচ করেছেন আঁখির বড় ভাই ফখরুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা মিথ্যা কথা। বিষয়টিকে অন্য দিকে নেয়ার জন্য কৌশল হিসেবে মনির এ কথা বলেছে।”

ফখরুদ্দিন বলেন, ঘটনার ১৫/১৬ দিন আগে তিনি জানতে পারেন যে,  মনির নামে একটি ছেলে তার বোনকে উত্ত্যক্ত করছে।

“গোপনে বিয়ে হলে আমি জানাতাম। কারণ আঁখি আট বছর ধরে আমার সঙ্গে রয়েছে।”

আঁখিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে বুধবার তাদের মা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন বলেও ফখরুদ্দিন জানান।

পুরনো খবর:

অ্যাসিড নিক্ষেপ: সেই মনিরকে গ্রেপ্তারের নির্দেশ