২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসিড নিক্ষেপ: সেই মনিরকে গ্রেপ্তারের নির্দেশ 

ইডেন কলেজের এক ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনির উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 07:54 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের একটি আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও মাহমুদুল হকের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

Image
অ্যাসিড নিক্ষেপের মূল অভিযোগ এই মনির উদ্দিনের বিরুদ্ধে

অ্যাসিড নিক্ষেপের মূল অভিযোগ এই মনির উদ্দিনের বিরুদ্ধে

রিটকারী প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে আবেদনটি উপস্থাপন করেন। এতে বাদী হিসাবে রয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

অ্যসিড হামলার ওই ঘটনায় ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়িত্ব পালনে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।

১৫ দিনের মধ্যে ঢাকার জেলা প্রশাসক, পুলিশের মহাপরিদর্ক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, বংশাল থানার ওসি এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৫ জানুয়ারি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের এক ছাত্রীর শরীরে ছুরি মারার পর তাকে অ্যাসিডে ঝলসে দেয় তার দুই ‘বন্ধু’ মনির ও মাসুম । চাঁনখারপুল কাজী অফিসের ভেতরে ওই ঘটনা ঘটে।

ওই ছাত্রীর মুখ ও ডান হাত অ্যাসিডে ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতে মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।

মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরদিন মেয়েটির ভাই একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামী এখনো গ্রেপ্তার হয় নাই। এ কারণে আদালেতে আমরা আবেদন করেছি।”