বাংলাদেশিদের ভারত ভ্রমণে ‘কড়াকড়ি উঠছে’
বাংলাদেশি পর্যটকদের ৬০ দিনের মধ্যে দ্বিতীয় দফা ভারত ভ্রমণের ওপর থেকে কড়াকড়ি তুলে নেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।
দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগের অংশ হিসেবে এই তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
তালিকার অন্য ছয়টি দেশ হলো- চীন, পাকিস্তান, ইরান, ইরাক, সুদান ও আফগানিস্তান।
ভারত সরকারের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। কাজেই অন্য দেশের সঙ্গে এই তালিকায় আর বাংলাদেশকে রাখা চলে না।”
বন্দি প্রত্যর্পণ ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে দুটি চুক্তিতে সই করতে ২৮ জানুয়ারি ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে।
তার এই সফরেই বাংলাদেশকে সাত দেশের ওই তালিকা থেকে বাদ দেয়া হতে পারে বলে ভারতীয় কর্মকর্তারা ইংগিত দিয়েছেন।
২০০৯ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলার আগে ডেভিড কোলম্যান হ্যাডলি নামের এক পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক পর্যটন ভিসায় কয়েক দফা ভারত ঘুরে যান। ওই হামলায় নিহত হন অন্তত ১৬৬ জন।
হামলা পরিকল্পনাসহ জঙ্গিদের বিভিন্নভাবে সহযোগিতা করার দায়ে যুক্তরাষ্ট্রের আদালত হ্যাডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
ওই হামলার পর প্রথম সফরের ৬০ দিনের মধ্যে দ্বিতীয়বার ভারত ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।
২০১২ সালের নভেম্বরে সাতটি দেশ বাদে বাকিদের ওপর থেকে ওই নিষেধাজ্ঞা তুলে নেয় হয়।
বর্তমানে ভারত সরকার বাংলাদেশি পর্যটকদের সর্বেচ্চ ছয় মাসের ট্যুরিস্ট ভিস দেয়। আর চিকিৎসার জন্য ভ্রমণের ক্ষেত্রে রোগীর সঙ্গে যেতে পারেন একজন।
সংশোধিত ভ্রমণ চুক্তি সাক্ষরিত হলে পর্যটকরা এক বছর পর্যন্ত মেয়াদের জন্য ভিসা পাবেন, যার মাধ্যমে একাধিকরা ভ্রমণ করা যাবে। আর চিকিৎসার জন্য ভ্রমণের ক্ষেত্রে রোগীর সঙ্গে যেতে পারবেন তিন জন।
