২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিতু হত্যা: চার আসামি ফের পুলিশ হেফাজতে

পল্টনে বাণিজ্যিক ভবনে শিশু হত্যা মামলার চার আসামিকে ফের দুই দিন হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।

আসামিরা হলেন, সেলিম বিশ্বাস, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম ও নুরুল ইসলাম। এর আগেও তাদের দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

গত ১৯ জানুয়ারি দুপুরে পুরানা পল্টন মোড়ের বাণিজ্যিক ভবন ট্রপিকানা টাওয়ারের চতুর্থ তলার একটি টয়লেট থেকে রিতু আক্তার নামে ১১ বছরের ওই শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়। শিশুটি ওই ভবনের ট্র্যাভেল এজেন্সির কয়েকজন কর্মীকে রান্না করা খাবার পৌঁছে দিত।

এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন পুলিশ হেফাজতের আবেদন করেন।

আবেদনে বলা হয়, কারা কারা রিতু হত্যায় জড়িত রয়েছে তাদের খুঁজে বের করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

চার আসামির মধ্যে সেলিমের জামিন আবেদন করেন তার আইনজীবী। ওই আবেদন খারিজ করে দেয় আদালত।

গত রোববার সকালে শিশুটির মা নূরজাহান বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।