২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রে নিরাপত্তা চায় বোট মালিকরা

সমুদ্রে মাছ ধরার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 09:38 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, গত এক বছরে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় অর্ধশতাধিক জেলে নিহত এবং দুই শতাধিক জেলে আহত হয়েছেন।

লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব আমিনুল হক বাবুল বলেন, অল্প সংখ্যক জলদস্যুর হাতে বোট মালিক-মাঝি মাল্লারা জিম্মি হয়ে পড়েছে। তাদের দাবি পূরণ না করলে হত্যা, লুটসহ বিভিন্ন নির্যাতন করে।

এছাড়া মাঝি-মাল্লাসহ বোট সাগরে ডুরিয়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি।।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়,  সুন্দরবন, কুতুবদিয়া, সোনাদিয়া, মহেশখালী, হাতিয়া এলাকায় এ ধরনের ঘটনা বেশি হয়।

গত এক মাসে তাদের সংগঠনে নিবন্ধিত ৫০ টিরও বেশি বোট ডাকাতের কবলে পড়েছে জানিয়ে বলা হয়, জলদস্যুদের হামলার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে চাইছে না। যার কারণে মাছ ধরার নৌকাগুলো অলস বসে আছে। এসব মাছ ধরার নৌকাগুলোর মাঝি-মাল্লাদের পরিবার অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছে।

এ সংগঠনের অধীনে ১০ হাজার মাছ ধরার নৌকা নিবন্ধিত আছে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।