রংপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
রংপুরে পুলিশের একজন হাবিলদার ট্রাকচাপায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর চালক মিজানুর রহমান ট্রাক রেখে পালানোর চেষ্টা করলে পথচারীরা তাকে আটক করে পুলিশে দেয়।
রংপুর পুলিশ লাইনের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মোটর সাইকেলে করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন হাবিলদার হানিফ।
সাড়ে ৭টার দিকে পুলিশ লাইনের সামনে বালু বোঝাই ট্রাকটি হানিফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জাহাঙ্গীর জানান।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
