২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রধানমন্ত্রী

খালিশপুর নৌঘাটিতে একটি যুদ্ধ জাহাজের উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 05:06 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা পৌঁছে প্রথমেই খালিশপুর নৌঘাটিতে যান শেখ হাসিনা। সেখানে তিনি যুদ্ধ জাহাজ ‘পদ্মার’ উদ্বোধন করবেন। বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানের স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, জনসভার আগে সার্কিট হাউজ ময়দানে শেখ আবু নাসের স্টেডিয়ামকে টেস্ট ভেন্যু হিসেবে উদ্বোধন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হল এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অদম্য বাংলা, মহিলা ক্রীড়া কমপ্লেক্সের হোস্টেল, খুলনা ওয়াসা ভবন এবং খুলনা মেডিকেল কলেজের শহীদ জননী জাহনারা ইমাম ছাত্রী হলের প্রতিকী উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

তার এই সফর উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে খুলনা শহরকে। নগরীর প্রবেশপথ থেকে শুরু করে গোটা শহরে শতাধিক তোরণ নির্মাণ হয়েছে।

সড়কদ্বীপগুলোতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা রঙের বিলবোর্ড ও ডিজিটাল ব্যানারে সাজানো হয়েছে। বিলবোর্ডগুলোতে রয়েছে প্রধানমন্ত্রী, খুলনা সিটি মেয়র, জেলা ও মহানগরের আওয়ামী লীগ নেতাদের ছবি।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব প্রস্তুতি শেষ হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ এবং এর আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও আশাপাশের এলাকায় এসএসএফ, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।