২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের শ্লীলতাহানির অভিযোগে আরেক ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার সকালে নাজিম উদ্দিন নাদিমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ওই মামলাকে ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহার ও মামলার বাদীর শাস্তির দাবিতে বুধবার বেলা ১২টার দিকে নাদিমের সমর্থকরা শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে।

মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের ওই ভাইস চেয়ারম্যান ও পৌর এলাকার লাল মিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেন একই উপজেলার এক নারী ভাইস চেয়ারম্যান।

প্রত্যক্ষ্যদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদিবাসীদের জমিজমা সংক্রান্ত একটি সমস্যা নিয়ে উপজেলা পরিষদে যান জেলা কমিউনিস্ট পার্টির নেতা লাল মিয়া। এ সময় তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি আদিবাসীদের বিরুদ্ধে কথা বললে লাল মিয়ার সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে লাল মিয়াকে লাঞ্ছিত করেন মলি।

হইচই শুনে ভাইস চেয়ারম্যান নাদিম নিজ কার্যালয় থেকে বেরিয়ে বিষয়টি নিয়ে কথা বললে মলির সমর্থকদের সঙ্গে তারও ধাক্কাধাক্কি হয়।

এর জেরে ভাইস চেয়ারম্যান মলি অপর ভাইস চেয়ারম্যান নাদিমের বিরুদ্ধে শ্লীলতাহানির এই সাজানো মামলা দায়ের করেন বলে নাদিমের দাবি।

পুলিশ হেফাজতে থাকা নাদিম সাংবাদিকদের বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করেছেন। তিনি ইতোপূর্বে বিভিন্নজনকে নানা ভাবে হয়রানি করেছেন।

আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে নাজিম উদ্দিন নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে।