২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পলিটেকনিক শিক্ষকদের আন্দোলন স্থগিত ঘোষণা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার পর আন্দোলন কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ সমন্বয় কমিটির ১০ সদসের একটি প্রতিনিধিদল বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাদের কর্মসূচি স্থগিত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আট দফা দাবির বিষয়ে শিক্ষক নেতাদের সঙ্গে মন্ত্রীর ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে তারা চলমান আন্দোলন কর্মসূচি আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন।

গত বছরের ৮ জানুয়ারি থেকে আট দফা দাবিতে আন্দোলন করে আসছেন পলিটেকনিকের শিক্ষকরা।

বৈঠকে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব (কারিগরি) মো. আতোয়ার রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শেখ মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষক প্রতিনিধিদলে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার, ঢাকা পলিটেকনিক শাখার সভাপতি এজিএম শাহাবুদ্দিন, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের সভাপতি ফকির মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ ছিলেন।