২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক পদ স্থগিত

পটুয়াখালীর দুমকির পীরতলা বাজারে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের পদ স্থগিত করেছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 01:55 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার ছাত্রলীগের ওই হামলা ও ভাংচুরের প্রতিবাদে বুধবার দুমকি উপজেলায় হরতাল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এদিকে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকা- বন্ধ ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ে একটি কাজের দরপত্র নিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ঠিকাদার এবং তাদের সমর্থকদের সংঘর্ষ হয়। দিনভর সংঘর্ষের সময় পীরতলা বাজারের শতাধিক দোকানপাট ভাংচুর এবং ব্যবসায়ী সমিতির সভাপতিসহ ১৫ ব্যবসায়ী পিটুনিতে আহত হন।

সকাল-সন্ধ্যা এ হরতাল সফল হয়েছে জানিয়ে দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বলেন, সকাল থেকেই হরতালের সমর্থনে দোকানপাট বন্ধ রেখে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

পীরতলা বাজারে হামলা ও লুটপাটে জড়িত ছাত্রদের বহিষ্কার এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান।

এছাড়া এ ঘটনায় জড়িতাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতি মামলা দায়ের করবে বলেও তিনি জানান।

পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দীন সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে অধ্যাপক ড. কাশেম চৌধুরীকে প্রধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকা- বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রেজা বলেন, মঙ্গলবারের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে রেজা নিশ্চিত করেন।

তিনি জানান, ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সংর্ঘষের ঘটনা তদন্তে কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাউল হক সরকার টিটুর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

দুমকী থানার ওসি জিএম শাহনেওয়াজ বলেন, পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ক্যাম্পাসেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অর্ধকোটি টাকার একটি কাজের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসের পূর্ব পাশের বাজারের অন্তত দেড়শ’ দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এতে উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী ও ব্যবসায়ীরা আহত হয়।