২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে ইন্টারনেট বিঘ্নিত হতে পারে

সাবমেরিন কেবল মেরামতের জন্য বুধবার গভীর রাতে ইন্টারনেট যোগাযোগ বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে বিএসসিএল।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 01:17 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিঙ্গাপুর-মালেয়শিয়ার মাঝামাঝি এলাকায় সাবমেরিন কেবল অংশে রিপিটার স্থাপনের কাজ আজ রাতেই শেষ হচ্ছে। তবে রাত ২টা থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যায় পড়তে পারেন।  

গত ১৯ জানুয়ারি থেকে এ কাজ শুরু হলেও স্যাটেলাইট, ভিস্যাট ও অন্যান্য বিকল্প ব্যবস্থায়  আন্তর্জাতিক সংযোগ চালু থাকায় তেমন একটা সমস্যা হয়নি।

বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। তবে সম্প্রতি বিকল্প ব্যবস্থায় একটি আইটিসি কোম্পানি বাণিজ্যিকভাবে কাজ শুরু করেছে।

বাংলাদেশ ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল।

এদিকে বিটিসিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যন্ত্রপাতি সংরক্ষণ ও মেরামত কাজ সম্পন্ন করার সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এক ঘণ্টা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হতে পারেন গ্রাহকরা।

এতে বলা হয়, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েতে (আইআইজি) কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার রাত ৮টায় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে এর ৯০ শতাংশ এরই মধ্যে সারিয়ে তোলা হয়েছে।