২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅভ্যুত্থানে বাজবে শেষ বাঁশি: তরিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, বিরোধী দল সরকার পতনের ‘চূড়ান্ত আন্দোলনের’ প্রস্তুতি নিচ্ছে।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 09:29 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বুধবার পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলির পর তিনি সাংবাদিকদের বলেন, “আজ এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণ বর্তমান ব্যর্থ ও অপদার্থ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে। আকাশচুম্বি দ্রব্যমূল্যে মানুষ দুর্বিসহ জীবন পার করছে। তারা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।”

“নির্দলীয় সরকারের দাবিতে গণঅভ্যুত্থান এই সরকারের শেষ বাঁজি বাজাবে বলে আমরা মনে করি। আর এখন তারই প্রস্তুতি চলছে।”

নির্দলীয় সরকারের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে সারা দেশে দিনব্যাপী এই গণসংযোগ ও প্রচারপত্র বিলি করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

রাজধানীতে তরিকুল ইসলাম ও বিএনপির মহানগর আহ্ববায়ক সাদেক হোসেন খোকার নেতৃত্বে নেতারা পুরান ঢাকার ধোলাই খাল, রায় সাহেব বাজার ও ইংলিশ রোডে প্রচারপত্র বিলি করেন।

এছাড়া বিএনপিসহ জোট নেতারা সারা দেশে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সরকারের সমালোচনা করে তরিকুল বলেন, “এ সরকারের অপশাসনের কারণে মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে না। হত্যা-গুম-খুন, ধর্ষণসহ এমন কোনো অপকর্ম নেই যা হচ্ছে না। পুরো দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ‘কয়েক হাজার’ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার কারাগারে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

তরিকুল বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

“নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোভাবে মেনে নেবে না।”

মহানগর পুলিশের উপ-কমিশনর হারুন অর রশীদকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ দেয়ার সমালোচনা করে সাবেক তথ্যমন্ত্রী তরিকুল বলেন, “এটা মানবতার চূড়ান্ত অবমাননা। এর মাধ্যমে সরকারের ফ্যাসিস্ট চরিত্র ফুটে উঠেছে।

“আমরা মনে করি, জাতীয় সংসদের নির্বাচিত একজন প্রতিনিধি ও বিরোধী দলীয় প্রধান হুইপকে পিটানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করার মাধ্যমে সরকার প্রকাশ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসকে মদদ দিয়েছে।”

উপ কমিশনার হারুন-অর রশীদকে মঙ্গলবার সকালে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেড় বছর আগে সংসদ ভবনের সামনে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজারবাগে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক প্রশ্নের জবাবে বলেন, হারুন-অর রশীদকে পুরস্কারের জন্য মনোনীত করার ক্ষেত্রে সেই বিষয়টিও বিবেচনায় ছিল।

অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্থানীয় নেতা মোহাম্মদ মোহন, মকবুল ইসলাম টিপু, আবদুল কাদির গণসংযোগ ও প্রচার বিলি কর্মসূচিতে অংশ নেন।