পরিবহন ধর্মঘটে অচল দিনাজপুর
বেতন-ভাতা বৃদ্ধি ও নিয়োগপত্রের দাবিতে দিনাজপুরে কর্মবিরতিতে গেছেন পরিবহন শ্রমিকরা।
ধর্মঘটের কারণে জেলায় বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের মটরযান চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জেলা থেকেও দিনাজপুরে কোনো পরিবহন ঢুকতে দেয়া হচ্ছে না।
সকালে দিনাজপুরের প্রবেশমুখ ঘোড়াঘাট উপজেলায় পত্রিকাবাহী একটি গাড়ি আটকে দেন শ্রমিকরা।
মালিকপক্ষ দাবি মেনে না নিলে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯১ সালে মালিক পক্ষের সঙ্গে তাদের একটি চুক্তি হয়। সে চুক্তি অনুযায়ী, চালকের মাসিক বেতন ১৬৬৫ টাকা, সহকারীর ৯৬৫ টাকা ও চালকের সহকারীর ৬৬৫ টাকা দেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
চালক ও সহকারীদের মাসিক বেতন সর্বোচ্চ ১২০০ ও সর্বনিম্ন ৬০০ টাকা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এই শ্রমিক নেতা বলেন, চালক ও সহকারীদের খাবারের জন্য প্রত্যেককে দিনে ১২০ টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয় না।
তাছাড়া বারবার যাত্রী ভাড়া বাড়লেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা এক টাকাও বাড়ায়নি।
তিনি বলেন, মালিকপক্ষ নিয়োগপত্র না দেয়ায় সরকারের শ্রমিক কল্যাণ তহবিল, খাবার ও যাতায়াত ভাতা এবং বাড়িভাড়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
এসব দাবি নিয়ে মটর পরিবহন মালিকপক্ষকে এর আগে পাঁচ বার চিঠি দেয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে দিনাজপুর মটর মালিক গ্রুপের সভাপতি ভবানী আগরওয়াল বলেন, শ্রমিকদের সঙ্গে সমঝোতার জন্য মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি।
