উত্তরাঞ্চলে ফের শৈত্যপ্রবাহ
মৌসুমের চতুর্থ দফা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। উত্তর-পশ্চিমাঞ্চলেও তা বিস্তৃত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে।
ডিসেম্বর মাসের শেষার্ধে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। এবার ১০ জানুয়ারি সৈয়দপুরে চার দশকের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানায়, শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মাঝারি ধরনের এবং রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তর-পশ্চিমাংশে ছড়িয়ে পড়তে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।
এসময় সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপবিবর্তিত থাকতে পারে বলে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ – ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ – ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ মাসের গোড়ার দিকে তৃতীয় দফা শৈত্যপ্রবাহ শুরু হয়ে তা তীব্র রূপ নেয়। এসময় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নামে। শীতের তীব্রতায় দেশজুড়ে ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।
আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই/একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস)/ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস )/ মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
