২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বাংলাদেশির লাশ আসছে মঙ্গলবার

বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশির লাশ মঙ্গলবার ঢাকা আসছে।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে নিহতদের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন লাশ গ্রহণ করবেন। পরে বিমানবন্দরের পার্কিং এলাকায় লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করবেন মন্ত্রী।

গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লেগে এই বাংলাদেশি শ্রমিকরা নিহত হন।

এর আগে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছিলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা দেয়া হবে।

নিহত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে স্বপন ও সাইফুল ইসলাম ওরফে সবুজ, গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চানমিয়ার ছেলে জরু মিয়া।

চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল।

চাঁদপুরের কচুয়া উপজেলার নওয়াপাড়ার আলমের ছেলে টিটো মিয়া ও শাহাদাত, মতলব উপজেলার ধনপতি গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে শাহীন খান, কুমিল্লা জেলার সদরদক্ষিণের জয়নাল আবেদিনের ছেলে মফিজুল ইসলাম এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।

গত বছরের ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়।

এর আগে ২০০৬ সালে গুদাইবিয়ায় এক অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক মারা যায়।

বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।

বাহরাইন থেকে ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৩০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।