২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, শ্বশুর-শাশুড়ি আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বামীর অ্যাসিড হামলায় এক সন্তানের জননী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শুক্রবার এ হামলা হলেও শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে রেখে দেয়। রোববার বিষয়টি জানাজানি হলে হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার ওই গৃহবধূর শ্বশুর আমজাদ হোসেন ও শাশুড়ি ময়না খাতুনকে আটক করেছে পুলিশ।

আহত গৃহবধূ রুমা খাতুন (২৩) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতুয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুমার চাচা রফিকুল ইসলাম অভিযোগ করেন, তিন বছর আগে যৌতুক দিয়ে মনিরুলের সঙ্গে রুমার বিয়ে দেন তারা। তাদের একটি সন্তানও রয়েছে।

যৌতুকের জন্য মনিরুল প্রায়ই রুমাকে নির্যাতন করত। শুক্রবার বিকালে মনিরুল ও তার পরিবারের সদস্যরা রুমাকে মারপিট করে। এক পর্যায়ে মনিরুল রুমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য রুমাকে বাড়িতে আটকে রাখা হয়।

পাশের বাড়ির লোকের কাছ থেকে খবর পেয়ে রোববার দুপুরে তারা তাদের বাড়িম যান এবং রুমাকে হাসপাতালে নেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত রুমার অবস্থা গুরুতর। তার মুখমণ্ডল, গলা ও বুকের একাংশ ঝলসে গেছে।

তবে ঘটনাটি অ্যাসিড সংক্রান্ত কিনা তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গৃহবধূর পরিবারের মৌখিক অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।